বলিউডি তারকা শাহরুখ খানের সাক্ষাৎ পেতে সাধারণ ভক্তদের তো অপেক্ষা থাকেই, ইন্ডাস্ট্রির নবীনরাও কম মুখিয়ে থাকেন না। তাদের অনেকের কাছে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি গুরুত্বপূর্ণ। টেলিভিশন তারকা হিনা খানই সেই তালিকায় আছেন।
হিনা জানান, শাহরুখ খানকে সামনে পেয়েও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না হিনা খান। তার ওপর বলিউডের বাদশা তখন গভীর ঘুমে! ছবি তোলার অপেক্ষায় পুরো ফ্লাইটজুড়ে বসে থাকার পর শেষ পর্যন্ত হিনাকে চমকে দিয়ে কথা রেখেছিলেন শাহরুখ। সেই প্রথম সাক্ষাতের স্মৃতি এখনও অভিনেত্রীর মনে গেঁথে আছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘পিওভি’ পডকাস্টে গিয়ে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার গল্প শেয়ার করেছেন হিনা। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্ল পরিচালিত এই পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
হিনা জানান, একটি ফ্লাইটে হঠাৎ নিজের পাশের আসনে শাহরুখ খানকে দেখতে পান। প্রথমে চোখের দেখাকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কারণ, শাহরুখ তখন ঘুমিয়ে ছিলেন। হিনার ভাষায়, একবার তাকানোর পর গভীরভাবে শ্বাস নিয়ে আবার পাশে তাকান তিনি। তখনই দেখেন, সত্যিই তার পাশের আসনে শাহরুখ খান ঘুমিয়ে আছেন।
প্রিয় তারকার সঙ্গে একটি ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি হিনা। কিন্তু শাহরুখের ঘুম কিছুতেই ভাঙছিল না। পরে কফি খেতে ঘুম থেকে উঠলে অভিনেতার কাছে ছবি তোলার আবদার করেন হিনা।
শাহরুখ তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার আশ্বাস দেন। কিন্তু কফি শেষ করেই আবার ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে অপেক্ষা করতে করতে একসময় বিমানের অবতরণের সময় হয়ে যায়। হিনা ভেবেছিলেন, এবার হয়তো আর ছবি তোলা হবে না। কিন্তু ঠিক তখনই ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই তাকে ডাকেন। এরপর তাদের ছবি তোলা হয়।
এমআর




Comments